প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

জামিনে বেরিয়ে বাদী-সাক্ষীদের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে চার বছর আগে দায়ের হওয়া একটি হামলা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে বাদী ও মামলার সাক্ষীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

মামলার নথি ও বাদীপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালের ৩১ মার্চ রাতে মোল্লাডহর গ্রামে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সুজন, রুবেল, আলমগীর সরদার, সাদেক মিয়া ও ফারুক আহত হন। তাঁদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনার পরদিন ১ এপ্রিল মীর হোসেন ওরফে জাহাঙ্গীর আলম সরদার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলাটির জিআর নম্বর-১০৮/২০২১।

বাদীপক্ষের দাবি, মামলার দুই আসামি আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হন। অন্যদিকে প্রধান অভিযুক্ত রাহেম আলী ও তাঁর ছেলে রাব্বি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। সম্প্রতি তাঁরা বিদেশ থেকে দেশে ফিরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বাদীপক্ষ।

বাদীর অভিযোগ, এসব কারণে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকির ঘটনায় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, রাহেম আলী দেশে ফিরেছেন বলে শুনেছেন, তবে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘বড়কুল পূর্ব ইউনিয়নে অপরাধ করে কেউ পার পাবে না, সে আমার আত্মীয় হলেও নয়। বাদী বা সাক্ষীদের হুমকি দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘এ ধরনের হুমকির বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন