প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির প্রবীণ বিএনপি নেতা জহিরুল হক পাটওয়ারীর ইন্তেকাল

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপন পাটওয়ারীর পিতা, সাবেক বৃহত্তর টামটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির অন্যতম সংগঠক, দানবীর, সমাজসেবক, শিক্ষা অনুরাগী এবং সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মোঃ জহিরুল হক পাটওয়ারী (৯০) আর নেই।
রবিবার (১২ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ রবিবার বাদ মাগরিব রাজধানীর আফতাবনগরের এফ ব্লক, ১ নম্বর সেক্টরের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ দক্ষিণপাড়ায় মরহুমের পৈতৃক আবাসভূমি পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মরহুম জহিরুল হক পাটওয়ারী দীর্ঘদিন বৃহত্তর টামটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিএনপির তৃণমূল রাজনীতির একজন নিবেদিত সংগঠক ছিলেন।
সমাজকল্যাণ, শিক্ষা বিস্তার ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাবেক সেনা কর্মকর্তা হিসেবেও তিনি সততা, শৃঙ্খলা ও জনসেবার জন্য সর্বমহলে সম্মানিত ছিলেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের  সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মুমিনুল হক এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, আলহাজ্ব মোঃ জহিরুল হক পাটওয়ারীর মৃত্যুতে শাহরাস্তি একজন অভিভাবকসুলভ রাজনীতিবিদ ও সমাজহিতৈষী ব্যক্তিত্বকে হারালো। তিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক প্রকাশ করেছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, জহিরুল হক পাটওয়ারী ছিলেন দলের একজন ত্যাগী ও পরীক্ষিত সংগঠক। তার সততা, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বিএনপি এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারিয়েছে।
শোক প্রকাশ করে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন বলেন, আলহাজ্ব মোঃ জহিরুল হক পাটওয়ারীর মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও আদর্শবান অভিভাবককে হারিয়েছি। তার রাজনৈতিক আদর্শ, সমাজসেবা ও মানবিক অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপন পাটওয়ারী বলেন, আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আমাদের সততা, মানবিকতা ও সমাজসেবার শিক্ষা দিয়ে গেছেন। সকলের কাছে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম জানাজার নামাজ আজ রোববার (১২ জুলাই) বাদ মাগরিব রাজধানীর আফতাবনগরের এফ ব্লক, ১ নম্বর সেক্টরের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আগামীকাল ১৩ জুলাই  সোমবার সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ দক্ষিণপাড়ায় মরহুমের পৈতৃক আবাসভূমি পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন