শাহরাস্তিতে খেলতে খেলতে পরিবারের অগোচরে ঘরের পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে শারমিন আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাকামতা কাচারী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ওমান প্রবাসী রবিউল হোসেন (৩৫) ও সুমী বেগম (২৮) দম্পতির একমাত্র কন্যা সন্তান।
স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবারও শারমিন মায়ের সঙ্গেই ছিল। দুপুর পর্যন্ত সে স্বাভাবিকভাবে খেলাধুলা করছিল। বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশের একটি ডোবার দিকে চলে যায়।
কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মায়ের চিৎকারে প্রতিবেশীরাও এগিয়ে আসেন। পরে ঘরের পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শারমিন ছিল পরিবারের একমাত্র সন্তান। সবাই তাকে খুব আদর করতেন। এমন দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির এক স্বজন বলেন, কয়েক মিনিটের অসাবধানতায় এমন একটি দুর্ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করতে পারেনি। প্রবাসে থাকা বাবা খবর শুনে ভেঙে পড়েছেন। মা-ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি অসহনীয় শোকের মধ্যে রয়েছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা নিহত শিশুর বাড়িতে ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একমাত্র কন্যাকে হারিয়ে প্রবাসী পিতা রবিউল হোসেন ও মা সুমী বেগম শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

মো. মাসুদ রানা