প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩ টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়া ইউনিয়নের ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল যথাযথভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সমাজের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে তারা সমান সুযোগ নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সরকারের দেওয়া এ সহায়তাকে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সেলাই মেশিনপ্রাপ্ত নারীদের এ সুযোগকে আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফারাক্কাবাদ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম মিঠু, বলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নারাজ ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তাহের খান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, ইউপি সচিব তাসলিমা বেগম, বালিয়া ভূমির তৌসিলদার ওমর ফারুক, বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সহ সভাপতি ডা.সুখ রঞ্জন ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা এবং কম্পিউটার প্রশিক্ষক ও সমন্বয়কারী মোঃ তানভীর হোসেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল, ৫ জন কর্মহীন নারীর মাঝে ৫টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬১ জন শিক্ষার্থীর মধ্যে মোট ২ লাখ ৩৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন