প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত হলো শতবর্ষের চলাচলের পথ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জনদুর্ভোগ নিরসনে আবারও সক্রিয় ভূমিকা নিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিনের একটি চলাচলের পথ উন্মুক্ত করার পাশাপাশি সরকারি খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা  আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৪, জুলাই) জেলা প্রশাসকের নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি),ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সূচীপাড়া দক্ষিণ ইউপি’র  নরিংপুরের একটি হিন্দুবাড়ি সংলগ্ন মৃধাবাড়ি থেকে বের হওয়ার প্রধান রাস্তাটি প্রায় একশ বছর ধরে এলাকাবাসীর চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে রাস্তাটি তারকাঁটা দিয়ে বন্ধ করে দেওয়ায় অন্তত ১৭টি পরিবারের সদস্যসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে রাস্তাটি উন্মুক্ত করা হয়। তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান এবং ভবিষ্যতে কেউ পুনরায় চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
এদিকে একই দিনে সূচীপাড়া উত্তর ইউপি’র হাড়াইরপাড়া এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগে একটি  অভিযান চালানো হয়। ওইসময় অভিযোগের সত্যতা পাওয়ায় মো. আব্দুর রহিম (৩৫)-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, জনসাধারণের চলাচলের পথ ও সরকারি সম্পদ দখল বা ভরাটের মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনিরা খাতুন বলেন, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা, শাহরাস্তি থানার এসআই ফরিদ আহমদ, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি বন্ধ থাকায় শিশু, নারী, বয়স্ক ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পথটি পুনরায় উন্মুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন