প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ র‍্যালি

নিজস্ব প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে চাঁদপুরে ফুটবল প্রেমীদের অংশগ্রহণে বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের আহ্বানে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে এ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে ফুটবলপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর-তরুণ, প্রবীণ বয়সী শত শত মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং যুদ্ধ বিধ্বস্ত দুটি দেশের পতাকা। মানবিক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে বিক্ষোভ র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলা মানুষকে যেমন ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশের জন্য সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন