বর্ষাকালীন কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে।
রবিবার (১৯ জুলাই) সকালে সংগঠনের উদ্যোগে ইউনিয়নের খাজুরিয়া, আদশা ও হামছাপুর এলাকার বিভিন্ন খাল ও মুক্ত জলাশয়ে “মাছের পোনা অবমুক্তকরণ ২০২৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাসসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় এক হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
সংগঠনের সভাপতি সাগর আদনানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক নাঈমুল হাছান, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সাকিব এবং সদস্য রাব্বি আটিয়া।
এ সময় বক্তারা বলেন, দেশীয় মাছের সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষা, স্থানীয় মানুষের পুষ্টি এবং জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
একই দিন বিকাল ৪টায় মান্তারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিম ও আমলকী গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় ছুটির পর প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় এবং সভাপতি সাগর আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম পারভীন, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাসেল, সদস্য শান্ত ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম জিকু, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো, গাছের গুরুত্ব, গাছের পরিচর্যা করা এবং প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন জানায়, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিস এবং থানা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, খাল ও জলাশয়ে অবৈধ রিং জাল ও বেশাল জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

নিজস্ব প্রতিনিধি