প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাড়ি-দোকান-যানবাহন সবখানেই চোরের থাবা, উদ্বেগে ফরিদগঞ্জবাসী

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন এমনকি গবাদিপশুও চুরির শিকার হয়েছে।
কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ ও মামলা হলেও এখনো অধিকাংশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের নেছার পাটওয়ারীর ছেলে মো. সোহাগ পাটওয়ারীর বাড়ির সামনে থেকে তাঁর মোটরসাইকেল চুরি হয়। এর আগের দিন বুধবার (২২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পশ্চিম রূপসা গ্রামের সৌরভ আলীর ছেলে মো. স্বপনের অটোরিকশা চুরি হয়।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাতে কালির বাজারের ওষুধ ব্যবসায়ী মো. ফরহাদ হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাশিয়ালী গ্রামে প্রবাসফেরত আব্দুল সাত্তারের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়। এ ছাড়া গুপ্টি পশ্চিম, গোবিন্দপুর উত্তর, পাইকপাড়া উত্তরসহ বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহে আরও ১০ থেকে ১৫টি চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রবাসফেরত আব্দুস সাত্তার বলেন, চলতি সপ্তাহেই তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। তিন দিন পর মেয়ের বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির টিনের চাল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কাউকে আটক করা হয়নি।
মোটরসাইকেলের মালিক সোহাগ পাটওয়ারী বলেন, প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মোটরসাইকেলটি বাড়ির সামনে থেকে চুরি হয়েছে। কয়েক মাস আগে তাঁর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল। তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
ওষুধ ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতে চোরেরা টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। পরদিন সকালে এসে তিনি দেখতে পান দোকান থেকে প্রায় দুই লাখ টাকা চুরি হয়েছে।
দক্ষিণ শাশিয়ালী গ্রামের বাসিন্দা রিপন মজুমদার, নান্নু দেওয়ান, মিলনসহ কয়েকজন জানান, তাঁদের গ্রাম ও আশপাশে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বসতবাড়ির মালামালের পাশাপাশি হাঁস-মুরগি, গরু ও ছাগলও চুরি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, গত সপ্তাহে তাঁর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁর ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স চুরি হয়েছে। প্রায় দুই লাখ টাকা মূল্যের মোবাইল ফোনটি উদ্ধারে থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো সেটি উদ্ধার হয়নি।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, তাঁর ইউনিয়নে গত এক সপ্তাহে পাঁচ থেকে সাতটি চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ বলেন, তাঁর এলাকাতেও সাম্প্রতিক সময়ে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে।
চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, বিভিন্ন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে। চুরির ঘটনা বৃদ্ধির কারণও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন