চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জেলা প্রশাসকের নির্দেশনার ধারাবাহিকতায় ২৩ মে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারদের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এলে প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি