প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ১১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের নির্দেশ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার  ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন-এর সভাপতিত্বে এ সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন, দল গঠন, খেলার ভেন্যু নির্বাচন, সময়সূচি নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, রেফারি নিয়োগ, মেডিকেল টিম প্রস্তুত রাখা, মাঠের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালার আলোকে প্রতিযোগিতার উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, খেলোয়াড়দের বয়সসীমা, নিবন্ধন প্রক্রিয়া, প্রতিযোগিতার ধাপ এবং খেলার নিয়ম-কানুন তুলে ধরেন।
তিনি জানান, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চারটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো মাধ্যমিক (বালক), মাধ্যমিক (বালিকা), উচ্চমাধ্যমিক (বালক) ও উচ্চমাধ্যমিক (বালিকা)। উপজেলা, জেলা, শিক্ষা অঞ্চল ও জাতীয় পর্যায়ের ধাপ অতিক্রম করে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
সভায় জানানো হয়, উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। নীতিমালা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বা সমমানের এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। মাধ্যমিক পর্যায়ে খেলোয়াড়দের সর্বোচ্চ বয়স ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৯ বছর নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত চেতনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিযোগিতাটি যেন সম্পূর্ণ নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, “খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, মাঠের নিরাপত্তা, চিকিৎসাসেবা, শৃঙ্খলা রক্ষা এবং সময়সূচি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রশাসন এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করবে।
সভায় প্রতিযোগিতার শৃঙ্খলা বজায় রাখা, খেলোয়াড়দের তথ্য যাচাই, অভিযোগ ও আপিল নিষ্পত্তি এবং মাঠ ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।জানা যায়, মাধ্যমিক (বালক-বালিকা) পর্যায়ের উপজেলা প্রতিযোগিতা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ এবং উচ্চমাধ্যমিক (বালক-বালিকা) পর্যায়ের উপজেলা প্রতিযোগিতা ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (এমএসসি), সহ-সম্পাদক আক্তার হোসেন, শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
ওইদিন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভার পূর্বে  একই স্থানে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক উপজেলা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “নজরুলের সৃষ্টিকর্ম আমাদের জাতীয় চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধের অনন্য উৎস। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শ ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত করতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।সভায় সার্বিক সহযোগিতা করেন,নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিএ মোঃ জসিম উদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন