প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৪১ বছরের কর্মজীবনের ইতি, রাজকীয় বিদায়ে কনস্টেবল জাকির

এস. এম ইকবাল

দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন শেষে চাকরিজনিত অবসরকালীন ছুটিতে যাওয়ার সময় রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো. জাকির হোসেন হাওলাদার।

রোববার (২ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। নির্ধারিত দায়িত্ব পালন শেষে শেষবারের মতো থানা ত্যাগ করার সময় দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল ছিটিয়ে সম্মান জানান। পরে ফুল দিয়ে সুসজ্জিত থানার অফিসার ইনচার্জের গাড়িতে করে তাকে চাঁদপুর সদর উপজেলার নিজ পৈতৃক বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ওসি (তদন্ত) আল আমিন, এসআই আমজাদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য।

জানা যায়, জাকির হোসেন হাওলাদার ১৯৮৬ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে অবসরকালীন ছুটিতে যান।

বিদায় অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “আজ আমরা পুলিশ বিভাগের একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্যকে বিদায় জানাচ্ছি। তিনি দীর্ঘ ৪১ বছর সততা, মেধা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার সার্ভিস বুকে শেষ দিন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য বা শাস্তিমূলক রেকর্ড নেই। একজন সরকারি কর্মচারীর জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয়।”

অবসরকালীন ছুটিতে যাওয়া কনস্টেবল জাকির হোসেন বলেন, “চাকরি জীবনে যেখানে দায়িত্ব পালন করেছি, দেশের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। মানুষ বিপদে পড়লেই পুলিশের কাছে আসে। তাই সুযোগ পেলেই নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।”

দুই ছেলে ও দুই মেয়ের জনক জাকির হোসেন হাওলাদারের বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তিতে সহকর্মীদের এমন আন্তরিক বিদায় অনুষ্ঠান ফরিদগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন