পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৩৩৮টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পৌরসভার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। বিতরনকৃত চারার মধ্যে রয়েছে ৬৭টি আম, ৬১টি জাম, ৫৭টি কৃষ্ণচূড়া, ৪৬টি আমলকি, ৪০টি নিম, ৩৪টি হরতকী ও ৩৩টি নারিকেল গাছ। মোট ১৭টি প্রতিষ্ঠানে ৩৩৮টি
চারা বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো পশ্চিম উপলতা সপ্রাবি, কাজিরকামতা সপ্রাবি , বাদিয়া এম হক উবি, সুয়াপাড়া গোলাম কিবরিয়া উবি, নাওড়া কুরফুলেনেছা মহিলা কলেজ, নাওড়া পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি , মেহের ডিগ্রি কলেজ, উপলতা উবি, শাহরাস্তি সরকারি বহুমুখী উবি, শাহরাস্তি মডেল স্কুল, নিজমেহের পাইলট উবি, জামিয়া ইসলামিয়া ওয়াদুদিয়া এতিমখানা ও মাদ্রাসা, ভাটিনীখোলা সপ্রাবি, কৃষ্ণপুর খামার বাড়ি জামে মসজিদ, নোয়াগাঁও উবি, নোয়াগাঁও সপ্রাবি এবং শাহরাস্তি প্রেসক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও, পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নিলে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. নোমান হোসেন এবং প্রধান সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান রাজু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান ভূঁইয়া, মইনুল ইসলাম কাজল, মো. মাসুদ রানা, নোমান হোসেন আখন্দ, ফয়সাল আহমেদ ও আবু মুসা আল সিহাব।
এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন এবং পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

মোঃ মাসুদ রানা