প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর মিছিলে যুক্ত হল ৩ টি  তাজা প্রাণ, আহত ১৫

মোঃ মাসুদ রানা
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৃত্যুর মিছিলে যুক্ত হল ৩ টি  তাজা প্রাণ।এ ঘটনায়  আরোও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুই গাড়ির চালক ও ডাম্প ট্রাকের এক হেলপার রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ের পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাকেশের পাড় এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে ডাম্প ট্রাকের মালিক ও চালক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধা সদর উপজেলার মধ্যধানগড়া বল্লমজার গ্রামের রাজামিয়ার ছেলে বাসচালক কামাল হোসেন (৪২) এবং বাগেরহাট সদর উপজেলার খোন্তাকাটা গ্রামের সালাউদ্দীন আহমেদের ছেলে ট্রাকের হেলপার শোভন (৩৫)। নিহত আব্দুল ওহাবের চাচাতো ভাই মোঃ শাহজাহান জানান, আঃ ওহাব ডাম্প ট্রাকটির মালিক ও চালক ছিলেন। তিনি আলীগঞ্জ থেকে বালু নিয়ে লালমাই যাচ্ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গুরুতর আহতরা হলেন নীলফামারী এলাকার মৃত নোমান আলীর ছেলে মোঃ শহিদুল্লাহ (৬০), তার স্ত্রী আঞ্জুমান আক্তার (৫০) এবং রংপুরের রাধানগর এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে লিমন (২০)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক ডাঃ  মুশফিক বিন বাকের  উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে  রেফার করেন।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে চাঁদপুরগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ বানিয়াচোঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আলীগঞ্জ থেকে লালমাইগামী বালুভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের ওপর ছিটকে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বানিয়াচোঁ এলাকায় বাস ও বালুবাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই চালক ও একজন হেলপার রয়েছেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওভারটেক করার সময় সংঘর্ষের কথা জানা গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন