শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সূর্যকিরণ পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাঠাগারটির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
পাঠাগার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন।শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ধর্মীয় শিক্ষা, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। নিজের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে এবং অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিনোদনের চর্চা করতে হবে। সমাজে যেসব খারাপ অভ্যাস ও নেতিবাচক বিষয় তৈরি হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে সেগুলো দূর করার দায়িত্ব নিতে হবে। ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সিগারেট থেকে দূরে থাকার আহ্বান জানান। পরিবারের কেউ ধূমপান করলে তাকেও নিরুৎসাহিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কখনো সিগারেটের হাতে দেব না।’ এ সময় শিক্ষার্থীরা সমস্বরে ধূমপান থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করে।
এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীরা তাঁর সামনে নজরুল সংগীত পরিবেশন করলে তিনি তাদের পরিবেশনায় সন্তোষ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে একটি ফুটবল উপহার দেন।
শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে বিদ্যালয়ে একটি বড় স্মার্ট টিভিও প্রদান করেন জেলা প্রশাসক। পরে তিনি বিদ্যালয়ের অফিসকক্ষে পরিদর্শন বহিতে তাঁর অভিমত লিপিবদ্ধ করেন। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পঠন দক্ষতা ও পাঠদানের পরিবেশে সন্তোষ প্রকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং শিক্ষকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে স্মার্ট টিভিটি তুলে দেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাসুদ রানা, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন, নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা লাভলী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একটি সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ‘সূর্যকিরণ পাঠাগার’ শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘সূর্যকিরণ পাঠাগার’ উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে। পাশাপাশি পড়াশোনার সঙ্গে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সমন্বয়ে তাদের সুন্দরভাবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাসুদ রানা অনুভূতি প্রকাশ করে বলেন, জেলা প্রশাসকের উপস্থিতিতে পাঠাগারের উদ্বোধন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক মতবিনিময় বিদ্যালয়ের জন্য স্মরণীয় একটি দিন। তাঁর কাছ থেকে পাওয়া দিকনির্দেশনা ও সহযোগিতা শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা লাভলী জানান, জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার যে দিকনির্দেশনা তিনি দিয়েছেন, তা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। তাঁর দেওয়া ফুটবল ও স্মার্ট টিভি শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।তিনি আরও বলেন, ‘সূর্যকিরণ পাঠাগার’ শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি ভালো, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে কাজ করা হবে।
উল্লেখ্য,ওইদিন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রথমে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে তিনি শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন। এরপর শাহরাস্তি মেহার উবি’তে প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক মেহের দক্ষিণ ও শাহরাস্তি পৌরসভা তহশিল অফিস পরিদর্শন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন শেষে তিনি চাঁদপুরের উদ্দেশে শাহরাস্তি ত্যাগ করেন।

মোঃ মাসুদ রানা