চাঁদপুরের মতলব দক্ষিণে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগষ্ট) গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ আগষ্ট রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মাছুয়াখাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক ব্যবসায়ী বোরহান উদ্দিনকে (৪৮) নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এদিকে এসআই ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে কলাদী মহল্লার তাজুল ইসলাম তালুকদারের ছেলে জিহাদ তালুকদার হৃদয়কে (২৬) ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মাদক বিরোধী অন্য একটি অভিযানে উপজেলার সারপাড় গ্রামের ইদ্রিস মিয়ার (ছিডু) ছেলে মো. রফিককে (৩৫) নারায়ণপুর বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
একইদিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে নারায়ণপুর এলাকার আব্দুল আলীর ছেলে আয়নাল হক মিয়াজীকে (২৫) এক পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে এক মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, পৃথকভাবে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সনীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোজাম্মেল প্রধান হাসিব