প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

এস. এম ইকবাল
‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’-এই অঙ্গীকার নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে থানা প্রশাসনে উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এরপর বিদ্যালয়ের সভাকক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই ভীতিজনক থাবা থেকে বর্তমান যুবসমাজ ও পরিবারকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরা যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তবেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ মানেই একটি সুন্দর ও সুস্থ স্বাভাবিক জীবন। আমাদের আগামী দিনের ভবিষ্যতের পথচলা যেন কোনোভাবেই মাদকের কারণে থমকে না যায়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সবসময় সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তরুণ রাজনীতিবিদ আব্দুল মতিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন