চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী সচেতনতামূলক এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) শাহরাস্তি মডেল থানা ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে র্যালিতে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে রুখবো, সোনার বাংলা গড়বো” এবং “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। পরে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে তাদের লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও পুলিশ কাজ করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলে সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সাংবাদিক নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক জহির, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন ও সিনিয়র শিক্ষক মোস্তাফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে লেখাপড়া ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মোঃ মাসুদ রানা