শাহরাস্তিতে পৃথক অভিযানে ১২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ চার অভিযুক্তকে এবং অনলাইন জুয়া খেলার সময় আরও তিন অভিযুক্তকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গত ১৬ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা মহল্লায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ জয়নাল চেয়ারম্যানের বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র আনোয়ার হোসেন সোহাগ (২৯)-কে আটক করা হয়।
অন্যদিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর গ্রামের বড় বাড়ির মনির হোসেনের পুত্র ইমান হোসেন (২৮) এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের নান্দিয়াপাড়া গ্রামের নোয়া বাড়ির মৃত শফিকুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (২৬)।
এ ছাড়া উপজেলার চিতোষী পূর্ব ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মাঝের বাড়ির নুরুল হকের পুত্র আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫)-কে আটক করা হয়।
পুলিশের অপর এক অভিযানে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় সাইবার অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভ (২০)।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। তিনি বলেন, মাদক কারবার ও সেবন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় এসআই আব্দুল কুদ্দুছ সরকার, এসআই আইয়ুব খান, এসআই শফিকুল ইসলাম ও এসআই শমসেদ হোসেন পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, আটক সাতজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার এর ১০(ক), গাঁজা উদ্ধারের ঘটনায় একই আইনের ১৯(ক) এবং অনলাইন জুয়ার ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিদের সোমবার ১৭ আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি