প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১২:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ওসির আহ্বান ‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মন্দির এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুলিশের দেওয়া তথ্যমতে, র‍্যালি ও সভায় প্রায় ৪০০ থেকে ৪৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু পুলিশের অভিযান চালিয়ে এর সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। মাদকমুক্ত শাহরাস্তি গড়তে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন