প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের সন্তান ড. নুসরাত তাবাসসুম স্মিতা যুক্তরাষ্ট্রের LSU-তে সহকারী অধ্যাপক

মেহেদি হাসান রিমেল

যুক্তরাষ্ট্রের বিখ্যাত লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি (LSU)-এর আর্কিটেকচার বিভাগে টেনিউর-ট্র্যাক সহকারী অধ্যাপক (Tenure-track Assistant Professor of Architecture) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের মেয়ে ড. নুসরাত তাবাসসুম স্মিতা। গত ১৫ আগস্ট ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাটন রুজ (Baton Rouge) ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মজীবন শুরু করেন তিনি।

ড. নুসরাত তাবাসসুম স্মিতা চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিলওয়াই হাজী বাড়ির সন্তান। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদ ও শামসুন্নাহার হেলেন দম্পতির কন্যা।

হাজীগঞ্জের এই কৃতী সন্তান পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি (Penn State University) থেকে স্থাপত্যবিদ্যায় দীর্ঘ পাঁচ বছরের গবেষণা শেষে আগস্ট ২০২৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এর আগে, ২০১৮ সালে স্পেনের বার্সেলোনার Institute for Advanced Architecture of Catalonia (IAAC) থেকে ‘অ্যাডভান্সড আর্কিটেকচার’-এ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

এছাড়া আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST) থেকে স্থাপত্যবিদ্যায় ব্যাচেলর ডিগ্রি এবং চট্টগ্রামের সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ড. স্মিতা।

নতুন কর্মজীবন প্রসঙ্গে ড. নুসরাত তাবাসসুম স্মিতা বলেন, “এটি এমন একটি লক্ষ্য ছিল, যার জন্য আমি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। একজন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

তিনি জানান, নতুন দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান, নিজস্ব গবেষণা এবং শেখার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তিনি উদগ্রীব।

নিজের এই সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক, মেন্টর ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার কথা উল্লেখ করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. স্মিতা। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

হাজীগঞ্জের বিলওয়াই হাজী বাড়ির এই কৃতী সন্তানের যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন