চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামের কৃতী সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পশ্চিম দায়চারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৪ আগস্ট) ভোররাত ৩টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর গ্রামের বাড়িতে ভিড় করেন।
সোমবার বিকেল ৪টায় পশ্চিম দায়চারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে সশস্ত্র সালাম ও নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে হাজী শফিকুর রহমানের অবদান এবং পরবর্তী সময়ে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এস. এম ইকবাল