প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ২:০১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় অজ্ঞাতনামা আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যায়।
আটক অনিক শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির কৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) গ্রামের মানিক হোসেন ও শাহিদা বেগমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই মাহবুবুল আলমসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় টামটা দক্ষিণ ইউপির  টামটা গ্রামের মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে অনিককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় আটক অনিক ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক),৪১ ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩১, জিআর নম্বর ২৭৪; তারিখ ২৫ আগস্ট ২০২৬। এদিকে একই রাতে উপজেলার খেড়িহার এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তারা ফেনী জেলার সোনাগাজী উপজেলার আউরারখীল (জেলে বাড়ি, ৮ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, খেড়িহার সাকিনে আব্দুর রহমানের টিনশেড বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩০ ও জিআর নম্বর ২৭৩; তারিখ ২৫ আগস্ট ২০২৬।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ জানায়, আটক তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন