প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ২:৩০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে অদম্য শিক্ষার্থীর স্বপ্নপূরণে পাশে ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা
আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন এক অদম্য শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুন।
মঙ্গলবার,( ২৫ আগষ্ট) সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে ওই শিক্ষার্থীর অসহায়ত্বের কথা শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বই দিয়ে তার পড়াশোনা অব্যাহত রাখার উদ্যোগ নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক  ওই শিক্ষার্থী পরিবারের চরম আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল। একপর্যায়ে অর্থাভাবে তার শিক্ষাজীবন থেমে যাওয়ার উপক্রম হলে সে উপজেলা নির্বাহী অফিসারের নিকট  এসে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে আবেদন করে।
শিক্ষার্থীর আবেদন ও তার আকুতি মনোযোগ দিয়ে শোনেন ইউএনও মনিরা খাতুন। পরে পরিবারের আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বই তুলে দেন তিনি।
এ সময় ইউএনও মনিরা খাতুন শিক্ষার্থীকে উৎসাহ দিয়ে বলেন, অর্থনৈতিক সংকট তোমার স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। প্রতিকূলতাকে জয় করে তোমাকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে অর্থের অভাবে পড়াশোনা নিয়ে কোনো সমস্যায় পড়লে সংকোচ না করে উপজেলা প্রশাসনকে জানাবে। তোমার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,একজন শিক্ষার্থীও যেন শুধু আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চাউর হলে, উপজেলা প্রশাসনের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে প্রশাসন এভাবে দাঁড়ালে তারা নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবে।
একই সঙ্গে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন