শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির শোরশাক বাজার এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে র্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী,ইউপি বিএনপি সভাপতি আলী আকবর বেপারি, সাধারণ সম্পাদক হায়দার আলী,তাফাজ্জল হোসেনসহ মুলদল, যুবদল,ছাত্রদল ও থানার পুলিশ সদস্যরা অংশ নেন। ওই সময় র্যালি শেষে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। মাদক নির্মূল শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। মাদকের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। মাদক ব্যবসা, সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পরে স্থানীয়দের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালিটি শোরশাক বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোঃ মাসুদ রানা