চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। একই সময়ে সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,রবিবার( ৩০ আগষ্ট) উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা ফয়েজ আহাম্মদের ছেলে মোহিনকে সিআর মামলা নং-৮৬/২৬ (শাহরাস্তি)-এর পরোয়ানাভুক্ত হিসেবে আটক করে পুলিশ। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শনিবার, (২৯ আগষ্ট) উপজেলার মেহের দক্ষিণ ইউপির ৫নং ওয়ার্ডের দারুনকরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা মিজানুর রহমানের ছেলে সাব্বির হোসেন (৩৫)-কে ভোলদিঘী বাজার থেকে দেবকরাগামী সড়কের বাবুলের ফলের দোকানের সামনে থেকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) উপজেলার শ্রীপুর গ্রামের জেলে বাড়ির সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহসিন (২৭)-কে আটক করা হয়। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের জেলে বাড়ির বাসিন্দা মৃত দেলোয়ার হোসেন ওরফে দেলুর ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাকেও আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাসুদ রানা