প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৬:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যে বিদায় ছিল কর্মজীবনের, সেটিই হয়ে গেল জীবনের শেষ বিদায়

মেহেদি হাসান রিমেল

অবসরজনিত বিদায় সংবর্ধনাকে ঘিরে বিদ্যালয়ে চলছিল নানা প্রস্তুতি। সহকর্মীরা আয়োজন করেছিলেন ক্রেস্ট ও বিদায়ী অনুষ্ঠানের। কিন্তু নির্ধারিত সেই অনুষ্ঠানে প্রধান শিক্ষককে বিদায় জানানোর পরিবর্তে শেষবারের মতো নিথর মরদেহ গ্রহণ করতে হলো সহকর্মী ও শিক্ষার্থীদের।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) অবসরজনিত বিদায়ী অনুষ্ঠানের দিন সোমবার (৩১ আগস্ট ২০২৬) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সহকর্মীরা জানান, সোমবার দুপুরে বিদ্যালয়ে তপন কুমার সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতিও শেষ হয়েছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই সহকর্মীদের কাছে আসে তার মৃত্যুর খবর। পরে বিদ্যালয়ের সেই অনুষ্ঠানস্থলেই নিয়ে আসা হয় তার মরদেহ।

নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, ‘স্যারকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। ক্রেস্ট দেওয়ারও আয়োজন ছিল। কিন্তু এর আগেই ভোররাতে জানতে পারি, স্যার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আরেক সহকর্মী লিমা আক্তার জানান, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানোর পরিবর্তে সেদিনই তাকে চিরবিদায় জানাতে হয়েছে।

প্রধান শিক্ষকের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন