প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৮:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

তফসিলের আগেই জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে চেয়ারম্যান প্রার্থী আবু ফয়েজ

আবু সাঈদ, কচুয়া

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও শিক্ষা মন্ত্রীর এপিএস এম. আবু ফয়েজ। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাংগিনী দক্ষিণপাড়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি কাঁচা সড়ক তিনি নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণে চাংগিনী দক্ষিণপাড়ার মরহুম রুহুল আমিনের দোকান থেকে চাংগিনী দুর্গাবাড়ি (কোদালিয়া বাড়ি) পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে যানবাহন চলাচলও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।

এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরেও সড়কটির দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। চাংগিনী দুর্গাবাড়িতে প্রায় ১০০ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর পূজাকে কেন্দ্র করে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

এ অবস্থায় সড়কটির দুরবস্থার বিষয়টি চেয়ারম্যান প্রার্থী এম. আবু ফয়েজের নজরে আসে। পরে তিনি ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বর্ষা মৌসুম এলেই সড়কটি দিয়ে চলাচল প্রায় দুর্ভোগে পরিণত হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দুর্গাপূজার আগে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় আপাতত মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

এম. আবু ফয়েজ বলেন, “মানুষের দুর্ভোগ দেখলে পাশে দাঁড়ানো উচিত। নির্বাচন কিংবা তফসিলের সঙ্গে জনসেবাকে মিলিয়ে দেখি না। সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

স্থানীয়দের মতে, সড়কটির স্থায়ী সংস্কার প্রয়োজন। তবে দুর্গাপূজার আগে ব্যক্তিগত উদ্যোগে সাময়িক সংস্কারের ফলে আপাতত স্থানীয় বাসিন্দা ও পূজারীদের চলাচলে দুর্ভোগ কিছুটা কমবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন