প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে দিগচাইলের যুবকের দুই মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মো. রাশেদ আলম (৩৪) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বেলচোঁ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাশেদ আলমকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাশেদ আলম উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের দিগচাইল গ্রামের আবু সায়েদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাশেদ আলম মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত এমন অভিযোগ রয়েছে। তাঁকে আটক করতে এর আগে কয়েক দফা অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান বলে স্থানীয় বাসিন্দারা জানান।

মঙ্গলবার স্থানীয় লোকজনের সহযোগিতায় হাজীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে রাশেদ আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাশেদ আলমের মাদকসেবন ও মাদক বিক্রির কারণে এলাকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছিল। বিশেষ করে তরুণ ও যুবকদের ওপর এর প্রভাব নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

এলাকার বাসিন্দারা মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান জোরদার করা গেলে এলাকায় মাদকের বিস্তার কমানো সম্ভব হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন