প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ওসির এক নির্দেশে বন্ধ ‘গোলঘর’! শাহরাস্তি থানায় নিষিদ্ধ দরবার-শালিস

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘদিনের পরিচিত চাঁদপুরের শাহরাস্তি থানার ‘গোলঘর’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। একই সঙ্গে থানা কম্পাউন্ডের ভেতরে সব ধরনের দরবার ও শালিস বৈঠক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অভিযোগ, পারিবারিক বিরোধ ও ছোটখাটো সামাজিক সমস্যার প্রাথমিক সমাধানে থানায় উভয় পক্ষকে নিয়ে দরবার ও শালিস হয়ে আসছিল। এসব বৈঠকের অন্যতম কেন্দ্র ছিল থানার বহুল পরিচিত ‘গোলঘর’।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রতিদিনই গোলঘরে একাধিক শালিসি বৈঠক অনুষ্ঠিত হতো। সময়ের সঙ্গে থানার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে গোলঘরও আধুনিকায়ন করা হয়। ২০১৮ সালে নির্মাণ করা হয় গোলঘরের নতুন ভবন।

তবে সম্প্রতি ওসির নির্দেশে গোলঘরে সব ধরনের দরবার ও শালিস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু গোলঘর নয়, থানার পুরো কম্পাউন্ডেই কোনো ধরনের সালিশি বৈঠক করা যাবে না বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, গোলঘরের কার্যক্রম বন্ধ হওয়ার পরও থানার পাশের চায়ের দোকানসহ আশপাশের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বৈঠক করতে দেখা যাচ্ছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “মামলা নিষ্পত্তির জন্য আদালত রয়েছে। পুলিশের কাজ দরবার করা নয়।” তিনি বলেন, বিভিন্ন সময় দরবার ও শালিসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও উশৃঙ্খল আচরণের ঘটনা ঘটে। এতে থানার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। এ কারণেই থানার ভেতরে সব ধরনের দরবার ও শালিস নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধ, সামাজিক সমস্যা কিংবা ছোটখাটো বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রেখে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা সম্ভব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন