প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ টাকা অর্থদণ্ড, ড্রেজার জব্দ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি উত্তোলনের দায়ে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউপির নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুনিরা খাতুনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সূচীপাড়া দক্ষিন ইউপির   নরিংপুর এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল ড্রেজারের মাধ্যমে কেটে উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় খেড়িহর গ্রামের বাসিন্দা মো. ইসমাইলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।পরে  অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমির মাটি উত্তোলনের দায়ে জমির মালিক মো. ইসমাইলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
এ সময় অভিযান পরিচালনাকারী শাহরাস্তি সহকারী  কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলন করলে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে।
অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আইন অমান্য করে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন