প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক, নকল বিজ্ঞাপন : চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরের পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহারের দায়ে একটি হোটেলকে ১০ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন ও নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, পাল বাজার এলাকার মানিক হোটেলে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ও ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কুমিল্লা রোড এলাকার এইচ.এম.সি.এল (এমএলএম কোম্পানি) নামে একটি প্রতিষ্ঠানে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি প্যাকেট সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দুই প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন