প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মৃত স্বজনকে দেখতে গিয়ে বাস চাপায় গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত-৩

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে মৃত স্বজনকে দেখতে গিয়ে বাস চাপায় সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত এবং গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ একই পরিবারের আরও তিনজন।
শনিবার (১২ সেপ্টেম্বর-২০২৬) ভোর ৬টার দিকে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে  বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গাজী বাড়ির কাতার প্রবাসী ইসমাইল গাজীর স্ত্রী। আহতরা একই পরিবারের নিহত সাদিয়া আক্তারের শ্বাশুড়ি হোসনেআরা বেগম (৫৮), দেবর জিলানী গাজী (৩০), স্বামীর বোন পারভীন বেগম (৪০) এবং একই উপজেলার নায়েরগাঁও এলাকার অটোরিকশা চালক রোমান হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আহত হোসনেআরার ছোট বোন নাগদা বড় বাড়ির রুহুল আমিনের মা রাজিয়া বেগম (৫০) গতকাল (শুক্রবার) রাতে অসুস্থতাজনিত কারনে মারা যায়। আজ শনিবার সকাল ৮টায় তাঁর জানাজা ও দাফনের সময় দেয়া হয়েছিল। ভোর ৬টার দিকে বোনকে শেষ বিদায় দিতে নাগদা বড় বাড়ির সামনে গিয়ে অটোরিকশা থেকে নামতে গেলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা জৈনপুর পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৪০৪৩) নম্বরের একটি যাত্রীবাহী বাস তাদের ব্যাটারীচালিত অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া আক্তার।পরে স্থানীয় এলাকাবাসী অটোরিক্সায় থাকা অপর যাত্রীদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহন বাসের চালক কাউছারকে আটক করে এবং দুর্ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাস চালক কাউসারকে আটক করে এবং ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসেন। আটক বাস চালক কাউসারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন