চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক ও পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। নিষিদ্ধ কোনো সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না। নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুর পৌরসভার অর্থায়নে শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি মাদকসেবীদের চিকিৎসায় সদর হাসপাতালে বিশেষায়িত ইউনিট চালু এবং কারাবন্দিদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে পারিবারিক অনুশাসন ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি প্রতি শুক্রবার মসজিদে মুসল্লিদের সচেতন করতে ইউএনওদের নির্দেশ দেন। এছাড়া মিনি কক্সবাজারে ট্রলারে চাঁদাবাজি বন্ধ, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিন উচ্ছেদ এবং ইলিশ রক্ষায় অভিযান জোরদারের তাগিদ দেওয়া হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরে কিশোর গ্যাং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সড়ক, নৌ ও রেলপথের প্রবেশমুখে তল্লাশি জোরদার করে জেলায় মাদক প্রবেশ ঠেকানো হবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযানের কথাও জানান তিনি।
প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী সিসিটিভির তদারকি জেলা পুলিশকে দেওয়ার এবং গ্রাম আদালতের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান। সভায় নৌ পুলিশ, মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ যেকোনো অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি