শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
প্রধান মেহমানের বক্তব্যে আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শাহরাস্তির প্রকৌশলীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হলে স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অবদান আরও বাড়বে। তিনি শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের সদস্যদের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও উপজেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ রহমত উল্যাহ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ কামাল হোসেন।
শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ নিজাম উল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ নিজাম উল হায়দার বলেন, প্রতিষ্ঠার পর থেকে শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন প্রকৌশলীদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, প্রকৌশলীদের পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

মোঃ মাসুদ রানা