মতলব দক্ষিণ উপজেলায় নজরুল বর্ষ-২০২৬ এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে মতলব সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম। তিনি বলেন, তোমরা ছোটরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব কৈশোর বিষয়ে পড়বে, জানবে। তাহলে তোমাদের মনে নজরুলের সাহিত্যের চিন্তা চেতনার বিকাশ ঘটবে।
মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লেজাকান্দি সপ্রাবি’র প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, মতলব সরকারি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।
কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন শোভা সঙ্গীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, সূর্যমুখী কচি-কাঁচা মেলার সঙ্গীত প্রশিক্ষক নাজমুল আহসান খোকন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক সজল মজুমদার, সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন বলেন, উদ্বোধনী দিনে উপজেলার ১শ ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৮ টি কিন্ডারগার্টেন স্কুলের (ক- বিভাগের) ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

মোজাম্মেল প্রধান হাসিব