শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রায়শ্রী শেখ শাহজাহান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।
প্রধান মেহমান ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ পাটোয়ারী রুপম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
প্রধান মেহমানের বক্তব্যে আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ ও প্রত্যাশার বিষয়টি নেতৃত্ব অবগত রয়েছে। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত ও বিভিন্ন সংকট মোকাবিলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার কাজ চলছে। অচিরেই এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে।তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি তৃণমূলের নেতাকর্মী। তাই কোনো ধরনের বিভাজন বা ভেদাভেদ তৈরি করা যাবে না। সবাইকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে আয়েত আলী ভূঁইয়া ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শাহরাস্তির সন্তান হিসেবে এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এ জনপদের উন্নয়নের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ শাহরাস্তি গড়ে তোলা সম্ভব।
প্রধান বক্তা আবু ইউছুফ পাটোয়ারী রুপম বলেন, ইউনিয়নের সব পর্যায়ের নেতাকর্মীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভাজন সৃষ্টি হতে পারে এমন বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে সেলিম পাটোয়ারী লিটন উপজেলার সার্বিক রাজনীতি ও তার নিজ ইউনিয়নের রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ন আদনান নোমান, উপজেলা ওলামাদের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি এমরান হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবদুল হান্নান, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির পিন্টু এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সাল।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মোঃ মাসুদ রানা