প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় ব্যবহৃত দীঘিতে গরুর মলমূত্রে দূষিত হচ্ছে পানি: মাছ মরে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন বেপারীর বাড়ির ব্যবহৃত দীঘির পানি গরুর গোবরে দূষিত হওয়ার পাশাপাশি মাছ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি খাসের প্রায় ৩ একর এ দীঘিটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন বিআরডিবি থেকে নিবন্ধনকৃত লোধেরগাঁও মজাপুকুর সমবায় সমিতির সদস্যরা। তারা জানান, সমিতির মাধ্যমে লিজকৃত দীঘিতে ১৯৮৯ সাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এমনকি দীঘির পানিও দৈনন্দিন কাজে ব্যবহার করছেন পার্শ্ববর্তী শত শত বাসিন্দা।
সমিতির সভাপতি মোঃ তুহিন বেপারী বলেন, দীঘির পশ্চিম পাড়ের বাসিন্দা বাবুল বেপারী তার পালিত গরুর মলমূত্র পাইপের মাধ্যমে দীঘিতে গিয়ে পড়ায় পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত মাছ মারা যাওয়ার পাশাপাশি পানিতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ। এতে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। এমনকি এ পানিতে গোসল করলে শরীরে চুলকানি হয় বলেও অভিযোগে জানান। বিষয়টি নিয়ে গত প্রায় ৩ মাস আগেও চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। দীঘির পানি দূষণের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে বাবুল বেপারী এ প্রতিবেদককে বলেন, আমি আমার জায়গায় দীর্ঘদিন যাবত গরু পালন করে আসছি। তারা আমার বিরুদ্ধে কিছুদিন পর পর উঠেপড়ে লেগে। তবে গরুগুলো যেসময় গোসল করানো হয়, সে পানি দীঘিতে যায়। এমন সমস্যা যাতে না হয় আমি সে ব্যবস্থা করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন