চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৫ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক কিশোরদের রাতের বেলা ঘোরাফেরার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে বিষয়টি অবহিত করা হয়।
আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের আশ্বাসের পর তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের অযাচিত ঘোরাফেরার পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ থেকে কিশোরদের দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কিশোরদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোরদের সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিনিধি