প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাতে ঘোরাফেরার দায়ে ২১ কিশোর আটক, অভিভাবকদের জিম্মায় মুক্তি

নিজস্ব প্রতিনিধি
রাতের বেলায় অকারণে ঘোরাফেরার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকা থেকে ২১ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে অভিভাবকদের মুচলেকার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটক কিশোররা রাতে বাইরে ঘোরাফেরার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
খবর পেয়ে কিশোরদের অভিভাবকরা থানায় আসেন। তাঁরা লিখিতভাবে আশ্বস্ত করেন, ভবিষ্যতে তাঁদের সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতে অযথা ঘোরাফেরা করবে না। এ সময় অভিভাবকদের সন্তানদের প্রতি সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে আটক কারও বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি। এ কারণে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে সবাইকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ জানায়, রাতে অযথা ঘোরাফেরার পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখতেই এ অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “কিশোররা যাতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে আরও সচেতন থাকতে হবে। শাহরাস্তি থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এ অভিযান চলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন