প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ২:২২ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ২৪টি ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কচুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানা-পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করইয়া এলাকার খাঁজা মসজিদের পেছনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. তাওসিফ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এরপর বিকেল সাড়ে তিনটার দিকে কচুয়া পৌরসভার মাসিমপুর এলাকার মুন্সিবাড়ির মোড়ে বিল্লাল হোসেনের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. নুরনবী (৩৬) ও মো. শাহাদাত হোসেন (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

একই দিন বিকেল পৌনে চারটার দিকে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করইশ এলাকায় কচুয়া-হাজীগঞ্জ সড়কে অভিযান চালিয়ে হাসিবুল ইসলাম ওরফে ফয়েজ (২৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চার অভিযানে মোট ২৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২ দশমিক ৪ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭ হাজার ২০০ টাকা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন ইউনিটের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন