শাহরাস্তিতে রাতের বেলা অযাচিতভাবে ঘোরাফেরা করার অভিযোগে ২৩ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে অভিভাবকরা থানায় এলে তাঁদের কাছ থেকে এই মর্মে আশ্বাস নেওয়া হয় যে, কিশোররা ভবিষ্যতে পড়াশোনা বাদ দিয়ে রাতে অকারণে বাইরে ঘোরাফেরা করবে না। একই সঙ্গে সন্তানদের প্রতি সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয় অভিভাবকদের।
থানার রেকর্ডপত্র ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে আটকদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে ১৮ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “রাতে অযাচিতভাবে ঘোরাফেরার পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে কিশোরদের দূরে রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিনিধি