চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।

নিজস্ব প্রতিনিধি