চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসার পরিচালনার জন্য নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ শরীফ মজুমদার।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে গত ২৯ সেপ্টেম্বর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মাদ্রাসাটির পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে। কমিটিতে মোহাম্মদ শরীফ মজুমদারকে সভাপতি, শাহজাহান হোসাইনকে সাধারণ শিক্ষক সদস্য, মো. এবাদান হোসেনকে অভিভাবক সদস্য এবং দুলাল/তারেক মিয়া কামালকে সদস্যসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে এ কমিটি যেকোনো সময় বাতিল করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দায়িত্ব পালনের জন্য এডহক কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি