চাঁদপুরের কচুয়ায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নাউলা চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি, ছিনতাই ও মাদকবিরোধী সামাজিক প্রতিবাদ করায় ১০ নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আজিজুল ইসলামকে জড়িয়ে একটি মামলা করা হয়েছে। তাঁরা এ মামলাকে হয়রানিমূলক দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল কাদের, শ্রীরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনীর হোসেন, উপজেলা যুবদলের সহসভাপতি হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. কাউছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সমাজসেবক গাজী শাহ আলম ও বিএনপি নেতা ফারুক হোসেনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, আইনগিরি গ্রামের রাসেল হোসেনের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, রাসেলের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে। সম্প্রতি এক ব্যক্তির অটোরিকশা চুরি করে বিক্রি করার অভিযোগও তোলেন তাঁরা। এসব ঘটনার প্রতিবাদ করায় রাসেলের মা রাশেদা বেগম বাদী হয়ে নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলামকে আসামি করে আদালতে মামলা করেছেন বলে বক্তারা দাবি করেন।
তাঁরা আরও বলেন, নাছির উদ্দিন প্রধান দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অন্যদিকে আজিজুল ইসলামও এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে করা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা। একই সঙ্গে রাসেল হোসেন ও রাশেদা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মামলার সাক্ষী হিসেবে উল্লেখিত গ্রাম্য চিকিৎসক সেলিম হোসেন ও দুলু মিঞা দাবি করেন, তাঁদের না জানিয়েই মামলায় সাক্ষী করা হয়েছে। তাঁদের ভাষ্য, নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলাম ভালো মানুষ এবং এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত। তাঁরা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
এদিকে বাদী রাশেদা বেগমের ভাই তাজুল ইসলাম বলেন, তাঁর ভাগনে রাসেল মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় চুরির অভিযোগে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা বলেও তিনি দাবি করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এলাকাবাসী মামলাটির সুষ্ঠু তদন্ত, নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলামের বিরুদ্ধে হয়রানি বন্ধ এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

মোঃ রাছেল, কচুয়া