ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা সোহেল বকাউল ও খাইরুজ্জামান পিপলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় প্রথমে ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ বকাউল বাড়িতে মৃত হাসিম বকাউলের ছোট ছেলে সোহেল বকাউল এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে একইদিন সকাল ১১টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের তপাদার বাড়িতে খায়রুজ্জামান পিপলের জানাজার নামাজ শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে। জানাজার নামাজে নিহতদের আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত সবার মধ্যে শোকের আবহ বিরাজ করে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুর জেলার দুই ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় নিহত সোহেল বকাউল ও খাইরুজ্জামান পিপলের মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাসুদ হোসেন