প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৯:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাইকদী-ভাঁটেরগাঁওয়ে মাদকবিরোধী র‍্যালি

নিজস্ব প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী ও ভাঁটেরগাঁও গ্রামে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
শনিবার (১০ অক্টোবর) ২৮ নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি ভাঁটেরগাঁও গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোল্লার বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে নয়, বরং পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) ২৮ নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদী ও ভাঁটেরগাঁও গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে মাদক নির্মূলবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে স্থানীয় কয়েকজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁদের উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
আয়োজক ও এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের র‍্যালি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার হবে। স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পাইকদী ও ভাঁটেরগাঁও এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন