প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আনন্দময় ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম : শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আল মামুন

সাইদ হোসেন অপু চৌধুরী

শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান, কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, চাঁদপুরকে শিক্ষার মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যা অনুসরণ করবে সারা দেশ।

শনিবার (১০ অক্টোবর) চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসের ব্যবস্থাপনায় শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ইউনুস খান কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের ভয় ও মানসিক চাপমুক্ত পরিবেশে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে হবে। ভালো শিক্ষকদের পাঠদান প্রযুক্তির মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। শিক্ষকসংকট নিরসনে দ্রুত নিয়োগপ্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিগুলোকে আরও গতিশীল করার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে চাঁদপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতা করবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ নামে একটি উন্মুক্ত শ্রেণিকক্ষ তৈরি করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। একটি মানবিক প্রজন্ম গড়ে তুলতে তিনি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার এবং বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। সঞ্চালনা করেন কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেব। সেমিনারে জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন