সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে শাহরাস্তি উপজেলার পরিষদের মিনি কনফারেন্স রুমের (আলাপনে) আয়োজিত এ প্রশিক্ষণে দুই উপজেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাঁদের মধ্যে দুই উপজেলা থেকে ১৫ জন করে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার রয়েছেন।প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লায়ন প্রকৌশলী মমিনুল হক এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অসচ্ছল ও অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা। এ ক্ষেত্রে তথ্যসংগ্রহকারীদের নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা যেন তথ্যের ভুলের কারণে আড়াল হয়ে না যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি আরও বলেন, পরিবারের ঘরবাড়ি, আয়, সম্পদ, জীবনযাত্রার মান ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে যাচাই করে লিপিবদ্ধ করতে হবে। কারও রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে অগ্রাধিকার দেওয়া কিংবা প্রকৃত উপযুক্ত কাউকে বাদ দেওয়া যাবে না। তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা ইচ্ছাকৃত ভুলের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। সরকারি কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। কোনো তথ্য বাদ দেওয়া, ভুলভাবে উপস্থাপন করা কিংবা পক্ষপাতমূলকভাবে তথ্য লিপিবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। নির্ভুল তথ্যের ভিত্তিতে উপযুক্ত পরিবার চিহ্নিত করা সম্ভব হলে কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ফ্যামিলি কার্ড কর্মসূচির নীতিমালা অনুযায়ী, উপকারভোগী পরিবার চিহ্নিত করার ক্ষেত্রে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের আয়, সম্পদ, আবাসন পরিস্থিতি ও আর্থসামাজিক অবস্থাসহ নির্ধারিত সূচকের ভিত্তিতে উপযুক্ত পরিবার নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারসহ ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের অবস্থা বিবেচনায় নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুসরণ করে উপকারভোগী নির্বাচন এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন,যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী এবিএম পলাশ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন ও মনিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
প্রশিক্ষণার্থীদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের রায়হান মোল্লা ও হাটিলা পূর্ব ইউনিয়নের তানজিনা আফরোজ এবং শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রায়হান গাজী ও চিতোষী পূর্ব ইউনিয়নের ফৌজিয়া আক্তার হিমু রয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এ প্রশিক্ষনে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, যথাযথ যাচাই-বাছাই ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৃত উপযুক্ত পরিবার চিহ্নিত করা সম্ভব হবে। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার পথ সুগম হবে।

মোঃ মাসুদ রানা