প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের নেতৃত্বগুণে গড়ে তুলে সম্ভাবনাময় বাংলাদেশ নির্মাণ করতে হবে: এমপি মমিনুল হক

সূচীপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লায়ন প্রকৌশলী মমিনুল হক।তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দেশ গড়ার মানসিকতা তৈরি করতে হবে। সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এমপি মমিনুল হক বলেন, সূচীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তিনি কাজ করতে চান। কলেজে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অগ্রগতি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের নামাজের সুবিধার্থে একটি মসজিদ নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। এ জন্য কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শাহরাস্তি ও হাজীগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চাও করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাসান আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন।
ওই অনুষ্ঠানের সহকারী অধ্যাপক অলিউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, হাজীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,সিনিয়ার যুগ্ম আহবায়ক এড শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, আলী হোসেন মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, আকবর বেপারী ও আলী হায়দার এবং জালাল খোকন।
এ ছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন বিএসসি, রাগৈ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এমএসসি, সূচীপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফরিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে রোভার স্কাউট সদস্যরা তাঁকে গার্ড অব অনার দিয়ে মঞ্চে নিয়ে যান। পরে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। এরপর তিনি সূচীপাড়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন