প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ১০:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

মোঃ মাসুদ রানা

সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুম ( আলাপনে)  উপজেলা প্রশাসন, শাহরাস্তির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি এবং প্রকৃত উপযুক্ত পরিবার চিহ্নিত করার ক্ষেত্রে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়। এ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে উপযুক্ত পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা এবং স্বাবলম্বী পরিবার গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নেওয়া।

সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী  অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহকারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

কোনো পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা যেন ভুল তথ্যের কারণে আড়ালে থেকে না যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।তিনি আরও বলেন, পরিবারের আয়, সম্পদ, আবাসন পরিস্থিতি ও জীবনযাত্রার মানসহ নির্ধারিত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে তথ্য লিপিবদ্ধ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, অবহেলা কিংবা অনিয়ম করা যাবে না। নির্ভুল তথ্যের ভিত্তিতে উপযুক্ত পরিবার চিহ্নিত করা সম্ভব হলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করার বিষয়টি গুরুত্ব পায়। দরিদ্র ও অসচ্ছল পরিবারের প্রকৃত অবস্থা নিরূপণ এবং নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুসরণ করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সভায় শাহরাস্তি উপজেলার ১৩ জন ফিল্ডকর্মী ও ২ জন সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা অনুসরণ, তথ্যের নির্ভুলতা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা গেলে প্রকৃত উপযুক্ত পরিবার চিহ্নিত করা সহজ হবে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার পথ সুগম হবে।

এ সময় সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন